প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
তাড়াশে নির্বাচনের পর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত

তাড়াশে নির্বাচনের পর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নির্বাচনের পর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। শনিবার(১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন ভোট দিতে না গিয়ে অন্য নেতা মো. নাসির উদ্দিনের কথায় কেন্দ্রে যাওয়ায় ক্ষিপ্ত হন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আমিন উদ্দিনের সমর্থকরা লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের একটি পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে সাতজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)। গুরুতর আহত পাঁচজনকে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোটের দিন সকালে কিছু পরিবারকে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দিতে চাপ দেওয়া হয়। কিন্তু তারা অন্য নেতার নির্দেশনা অনুসারে ভোটকেন্দ্রে গেলে এ নিয়ে বিরোধের সূত্রপাত হয় এবং পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
তবে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মো. আমিন উদ্দিন। এ বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী বলেন, “উভয় পক্ষই বিএনপির। ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে গুড়মা গ্রামে উভয় পক্ষকে বসিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।”
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।”
স্থানীয়দের মতে, নির্বাচনের উত্তাপ ও প্রতিযোগিতার জেরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা দ্রুত সমাধানমূলক বৈঠকের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন